প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:মোঃ টিটো মিজান।
‘সমবায়ের শক্তি, দেশের সমৃদ্ধি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুজিবুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আল-আমীন এবং পবিত্র গীতা পাঠ করেন অভিজিৎ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুজিবুর রহমান।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।
সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন ভ্যালিফিল্ড বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মীর নওশের আলী এবং সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হুমায়ুন কবির মুক্তি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবু আরিফ রেজা।
বক্তারা সমবায়ের মাধ্যমে ব্যক্তি ও সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং স্বনির্ভর সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে হলে সদস্যদের মধ্যে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪